সংস্কার সাংস্কৃতিক নীতি নবায়ন সময়ের দাবি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬
নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘ইন্ডিয়ায় যে লতা মঙ্গেশকর, সনু নিগম, নেহা কক্করের মতো শিল্পী আছেন, এই রকম শিল্পী তৈরি করতে চাই, যেন এক রাতে অনুষ্ঠান করে তারা কোটি কোটি টাকা আয় করতে পারেন’। বক্তব্যটি শোনার পর অস্বস্তি তৈরি হয়। এটাই কি আমাদের সাংস্কৃতিক লক্ষ্য? নতুন মন্ত্রীর কাছ থেকে আমরা তো শুনতে চেয়েছিলাম অন্য কিছু, যা বিগত ২০ বছরে শুনিনি, কিন্তু প্রত্যাশা করেছি।
সময়োপযোগী সংস্কৃতিনীতি
বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক নীতি প্রণীত হয় ২০০৬ সালে। এর পর প্রায় দুই দশক কেটেছে। সময়ে দেশ বদলেছে, সমাজ বদলেছে, প্রযুক্তি বদলেছে। বিশ্বও বদলেছে। কিন্তু নীতি সেই আগের জায়গাতেই রয়ে গেছে। তাই এখন ওই নীতির নবায়ন জরুরি।সংস্কৃতি শুধু গান, নাটক বা চিত্রকলা নয়। সংস্কৃতি মানে জীবনধারা, ভাষা, ঐতিহ্য, মূল্যবোধ, সামাজিক সম্পর্ক। সংস্কৃতি এখন সরাসরি উন্নয়নের সঙ্গে যুক্ত; লিঙ্গ সমতার সঙ্গে যুক্ত; এমনকি জলবায়ু সহনশীলতার সঙ্গেও। বৈশ্বিক প্রেক্ষাপটে সংস্কৃতি একটি কৌশলগত সম্পদ। তাই এর নীতিও হতে হবে সময়োপযোগী।
বর্তমান নীতির বড় ঘাটতি হলো পরিমাপযোগ্য তথ্যের অভাব। কত বিনিয়োগ হচ্ছে; কত মানুষ যুক্ত; কী ফল মিলছে; স্পষ্ট সূচক নেই। পরিকল্পনা দুর্বল। বাজেটের যৌক্তিকতা সীমিত। ফলে সংস্কৃতি খাত প্রায়ই উপেক্ষিত থাকে। নতুন নীতিতে এসব ঘাটতি দূর করতে হবে।
পরিবর্তিত প্রেক্ষাপট ও নতুন চ্যালেঞ্জ
ডিজিটাল যুগে সংস্কৃতির চর্চা বদলে গেছে। ইউটিউব, ফেসবুক, ওটিটি প্ল্যাটফর্ম এখন বড় মাধ্যম। তরুণরা অনলাইনে তৈরি করছে কনটেন্ট। কিন্তু নীতিতে ডিজিটাল সংস্কৃতির স্পষ্ট দিকনির্দেশনা নেই। কপিরাইট, আয়, প্রশিক্ষণ; সবই নতুনভাবে ভাবতে হবে।অন্যদিকে জলবায়ু পরিবর্তন আমাদের বাস্তবতা। উপকূলের মানুষ, আদিবাসী জনগোষ্ঠী, নদীভাঙনপীড়িত সমাজ। তাদের সংস্কৃতি ঝুঁকিতে। সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় বিশেষ পরিকল্পনা দরকার। লিঙ্গ সমতাও গুরুত্বপূর্ণ। নারী শিল্পীর নিরাপত্তা, অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে হবে।আরেকটি চ্যালেঞ্জ হলো সামাজিক সংহতি। বিভাজনের রাজনীতি বাড়ছে। ভুয়া তথ্য ছড়াচ্ছে দ্রুত। সংস্কৃতি হতে পারে সেতুবন্ধ। হতে পারে সহনশীলতার চর্চা। নতুন নীতিতে সংস্কৃতিকে সামাজিক ঐক্যের হাতিয়ার হিসেবে দেখতে হবে।
নতুন নীতির স্বরূপ কেমন হবে
নতুন সাংস্কৃতিক নীতি হতে হবে অন্তর্ভুক্তিমূলক। সব জেলা, সব জনগোষ্ঠী, সব ভাষা ও উপভাষাকে গুরুত্ব দিতে হবে। শুধু রাজধানীকেন্দ্রিক কার্যক্রম যথেষ্ট নয়। জেলা-উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অবকাঠামো শক্তিশালী করতে হবে।
নীতি হতে হবে তথ্যভিত্তিক। স্পষ্ট সূচক নির্ধারণ করতে হবে। যেমন সংস্কৃতি খাতে সরকারি ব্যয়ের হার, নারীর অংশগ্রহণের হার, জেলা পর্যায়ে কার্যক্রমের সংখ্যা, এসব পরিমাপযোগ্য সূচক থাকলে জবাবদিহি বাড়বে। পরিকল্পনাও হবে শক্ত।
সংস্কৃতি ও উন্নয়নের সংযোগ স্পষ্ট করতে হবে। সংস্কৃতিতে টাকা ঢালা মানেই অপব্যয় নয়; এটি বিনিয়োগ। পর্যটন, সৃজনশীল শিল্প, চলচ্চিত্র, সংগীত– সবই অর্থনীতিতে অবদান রাখে। নতুন নীতিতে সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমি গুরুত্ব পাবে।
শিল্পকলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার
জেলা শহরগুলোতে রয়েছে শিল্পকলা একাডেমি। প্রশিক্ষিত সাংস্কৃতিক কর্মকর্তাও আছেন; আছে অবকাঠামো। এগুলো বড় সম্পদ। নতুন নীতিতে এই কাঠামোকে কার্যকর করতে হবে। শুধু অনুষ্ঠান নয়; গবেষণা ও ডেটা সংগ্রহেও ভূমিকা রাখতে হবে।
একটি সংস্কার টাস্কফোর্স গঠন করা যেতে পারে। প্রথম পর্যায়ে নীতির খসড়া ও প্রোটোকল ডিজাইন হবে। পরের পর্যায়ে কর্মশালা ও তথ্য সংগ্রহ। জেলা থেকে মতামত নেওয়া জরুরি। শিল্পী, গবেষক, সংস্কৃতিকর্মী– সবার অংশগ্রহণ দরকার।
বছরব্যাপী একটি রোডম্যাপ করা যেতে পারে। বেজলাইন ডেটা তৈরি হবে। লক্ষ্য নির্ধারণ হবে। তারপর পর্যবেক্ষণ ও মূল্যায়ন। এতে নীতি শুধু কাগজে থাকবে না; বাস্তবেও কাজ করবে।
তরুণ প্রজন্ম ও ডিজিটাল সংস্কৃতি
বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। তারা সৃজনশীল; ডিজিটাল মাধ্যমে সক্রিয়। নতুন নীতিতে তাদের জন্য প্রশিক্ষণ, ইনকিউবেশন ও অর্থায়নের ব্যবস্থা থাকতে হবে। স্টার্টআপ সংস্কৃতি ও সৃজনশীল শিল্পকে যুক্ত করতে হবে।
ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা জরুরি। লোকসংগীত, নাটক, চলচ্চিত্র, নৃত্য সংরক্ষণ করা দরকার। এখন অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে তা রক্ষা করা সম্ভব। একই সঙ্গে কপিরাইট সুরক্ষা জোরদার করতে হবে। শিল্পীরা যেন ন্যায্য পারিশ্রমিক পান। অনলাইনে পাইরেসি রোধে নীতি সহায়ক হতে হবে।
অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ
নতুন সাংস্কৃতিক নীতির লক্ষ্য হবে টেকসই উন্নয়ন। সংস্কৃতি হবে উন্নয়নের অংশ। লিঙ্গ সমতা, জলবায়ু অভিযোজন, সামাজিক সংহতির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক স্পষ্ট করতে হবে।
প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিশেষ কর্মসূচি দরকার। আদিবাসী সংস্কৃতি, আঞ্চলিক ঐতিহ্য, লোকশিল্প জাতীয় সম্পদ। নীতিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বড় কথা, নীতি হতে হবে জীবন্ত দলিল। সময়ে সময়ে পর্যালোচনা করতে হবে। বাস্তবতার সঙ্গে মিলিয়ে আপডেট করতে হবে। তাহলেই সংস্কৃতি হবে জাতীয় অগ্রগতির শক্ত ভিত।
দেশের সাংস্কৃতিক নীতির নবায়ন এখন সময়ের দাবি। সংস্কৃতিকে উন্নয়নের মূলধারায় আনতে হবে। তথ্যভিত্তিক পরিকল্পনা, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো– এই তিন স্তম্ভে দাঁড়াতে পারে নতুন নীতি। এতে শিল্পী উপকৃত হবেন। তরুণরা সুযোগ পাবে। সমাজ হবে আরও সহনশীল। সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়; ভবিষ্যতের বিনিয়োগ। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়।
লুবনা মারিয়াম: নৃত্যশিল্পী, সংগঠক ও গবেষক
