১২ হাজার ভবন ক্ষতিগ্রস্ত, তেল রপ্তানি স্বাভাবিক রাখার চেষ্টায় ইরান

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬

ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গ দ্বীপে মার্কিন হামলার পর জীবনযাত্রা স্বাভাবিক আছে। এমন তথ্য জানিয়ে দেশটির সংসদীয় জ্বালানি কমিটির এক মুখপাত্র বলেছেন, তেল রপ্তানি স্বাভাবিক রাখতে শ্রমিকরা কাজ করছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মুখপাত্র জানিয়েছেন- তেল রপ্তানিতে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য শ্রমিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

জ্বালানি কমিটির ওই মুখপাত্র আরও বলেন, শত্রুরা যদি খার্গ দ্বীপের দিকে নজর দেয়, তাহলে জেনে রাখা উচিত; হরমুজ প্রণালিতে তারা যে লাঞ্ছনার শিকার হয়েছে তার চেয়েও বড় অপমান অপেক্ষা করছে।

এদিকে তেহরানের গভর্নরের দপ্তর জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে শহরটিতে প্রায় ১২ হাজার ভবন সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর মোহাম্মদ সাদেঘ মোতামাদিয়ানের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় অন্তত ৫৬টি জাদুঘর, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং সাংস্কৃতিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। (আলজাজিরা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *