লারিজানি হত্যার ‘অনুশোচনাযোগ্য’ জবাব দেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি হত্যার ‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান আমির হাতামি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় তারা ‘চূড়ান্ত’ পাল্টা জবাব দেবে। খবর- বিবিসি ও এএফপি

এক বিবৃতিতে হাতামি লারিজানি ও অন্যান্য ‘শহীদদের’ মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে।’

এছাড়া ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রসঙ্গত, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে দুজন নিহত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এই যুদ্ধ ঘিরে গত ২৪ ঘণ্টায় আরও কিছু ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোসহ অন্য মিত্রদের সমালোচনা করে জানিয়েছেন যে, এসব দেশ ইরান যুদ্ধে জড়িত হতে চায় না। এর আগে হরমুজ প্রণালি রক্ষায় এগিয়ে আসতে সহযোগীদের প্রতি মি. ট্রাম্প যে আহবান জানিয়েছিলেন তাও ওইসব দেশ নাকচ করেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন ‘বিবেকের তাড়নায়’ তিনি ইরানের সাথে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও হামলার খবর নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় আল মিনহাদ ঘাঁটিতে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত করে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, কোনো অস্ট্রেলিয়ান নাগরিক আহত হননি। সবাই নিরাপদ আছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *