ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য ঋণ পাবে রপ্তানিমুখী শিল্প

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য মেয়াদি ঋণ সুবিধা নিতে পারবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সর্বশেষ তিন মাসের গড়ের সমপরিমাণ ঋণ দেওয়া যাবে। বাজারভিত্তিক সুদে এ ঋণ পাবে ব্যাংকগুলো। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি বিজিএমইএ দুই মাসের বেতনের সমপরিমাণ ঋণ সুবিধা চেয়ে আবেদন করে। এছাড়া নগদ সহায়তা দ্রুত ছাড় করার অনুরোধ জানায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশে বিঘ্ন, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য ব্যয়ের চাপের কারণে অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ও শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধে সমস্যায় পড়ছে। এ পরিস্থিতিতে উৎপাদন সক্ষমতা ও রপ্তানি প্রবাহ সচল রাখতে আর্থিক সহায়তা প্রয়োজন।

নির্দেশনা অনুযায়ী, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি  মাসের বেতন পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা বিবেচনায় মেয়াদি ঋণ সুবিধা দেওয়া যাবে। ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে দেওয়া গড় বেতন-ভাতার বেশি হবে না।

এতে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রপ্তানি করে, সেগুলোকে রপ্তানিমুখী শিল্প হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত নিয়মিত বেতন পরিশোধ করেছে—এমন প্রতিষ্ঠানকে সচল ধরা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের প্রত্যয়ন থাকতে হবে। ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। নির্ধারিত সুদের বাইরে কোনো অতিরিক্ত সুদ, মুনাফা, ফি বা চার্জ আরোপ করা যাবে না। ঋণ সর্বোচ্চ এক বছর মেয়াদ হবে। এর মধ্যে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধযোগ্য হবে।

সার্কুলারে তফসিলি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে সরাসরি বেতন-ভাতার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *