টঙ্গী বাজার মার্কেটে আগুন, ১৫ দোকান পুড়ে ছাই
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে মার্কেটটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটটিতে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়ামসহ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৩ থেকে ১৪টি দোকান পুড়ে যায়। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
