জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ সংসদের প্রথম অধিবেশনে আইনে রূপান্তর করার দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশটি পাস না হলে এর কার্যকারিতা হারাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল স্বাক্ষরকারী প্রথম দেশ এবং এর ধারাবাহিকতায় তৎকালীন সরকার ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এবারও বিএনপির নির্বাচনী ইশতেহারে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ (ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ব্যাধি ইত্যাদি) নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগ ও অন্যান্য কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নতুন প্রজন্মকে রক্ষায় অধ্যাদেশটি যুগান্তকারী; তাই সংসদের প্রথম অধিবেশনেই এটিকে আইনে রূপান্তর করতে হবে।
সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, আইনটি পাস হলে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষা পাবে, তামাকজনিত অসুস্থতা ও মৃত্যু কমবে। তিনি সতর্ক করেন, আইন পাস না হলে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে হবে।
ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার খাদিজাতুল কুবরার উপস্থাপনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর প্রোগ্রাম কো-অরডিনেটর জেবা আফরোজা, উবিনীগের প্রোজেক্ট কো-অরডিনেটর হাসানুল হাসিব আল গালিব, পিপিআরসির প্রতিনিধিসহ অন্যরা।
এছাড়াও ঢাকা আহছানিয়া মিশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূয়র (ডরপ), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, নারী মৈত্রী, প্রগতি জন্য জ্ঞান (প্রজ্ঞা), পিপিআরসি, উবিনীগের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
