ইরানের বিশ্বকাপ বয়কটের হুমকিতে ভ্রুক্ষেপ নেই ট্রাম্পের

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে কি অংশ নেবে ইরান? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে এই প্রশ্নই এখন ফুটবল বিশ্বে ঘুরপাক খাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নিক বা না নিক, তাতে তার কিছু যায় আসে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরানের পাল্টা আঘাতের জেরে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই এমন কড়া মন্তব্য করলেন তিনি।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মেগা আসর। সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই পরোয়া করি না। ইরান খুব বাজেভাবে বিপর্যস্ত একটি দেশ। তারা এখন কেবল নামমাত্রভাবে টিকে আছে।’

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। এরপর সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসর।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল, তখনও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো ঘোষণা দেয়নি মধ্যপ্রাচ্যের দেশটি। তবে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল ও সংঘাতপূর্ণ আকার ধারণ করায় তাদের অংশগ্রহণ নিয়ে এখন প্রবল সংশয় তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি এখন আমাদের প্রত্যাশার চেয়েও অনেক দূরে।’

অন্যদিকে, বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা চাইছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফটসরম শনিবার এই প্রসঙ্গে বলেছেন, ‘সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য।’

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *