খাল খননের মাধ্যমে পানির সমস্যা সমাধান করব: প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬
সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে এক সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিরাট দেশ একটা। ২০ কোটি মানুষ এই দেশে। এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব, বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে দেশেই উৎপাদন করতে হবে। আল্লাহ এই দেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন যে, বীজ রোপণ করে পানির ব্যবস্থা করলেই ফসল উৎপাদন করা যায়। কাজেই আল্লাহর নেয়ামত এই পানিটাকেই আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে। শুধু খাল না, খালের পাশে যে জায়গা পাবো সেখানে আমরা হাজার হাজার বৃক্ষ রোপণ করব। এই খালের পাশ দিয়ে রাস্তা হবে, যেন আপনাদের হাঁটাচলার জন্য সুবিধা হয়।’
সরকারপ্রধান বলেন, ‘এখন যেহেতু শুষ্ক মৌসুমে নদীতে পানি নেই, খালে পানি নেই, আমাদেরকে ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচ থেকে পানি তুলে আনতে হয়। এভাবে মাটির নিচ থেকে পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে। তাই আমাদেরকে মাটির ওপরের পানি যতটুকু সম্ভব ধরে রেখে মাটির নিচের পানি রিজার্ভ রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’
