ইসরায়েলে ধর্মীয় উৎসবের আগে কেন ইরানে হামলা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | সিএনএন
একদিন পর ইসরায়েলের ইহুদিরা তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পুরিম উদযাপন করবেন। এর আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালাল তেল আবিব। সিএনএন বলছে, হামলার এই সময়টি ইহুদি ধর্মে এক বিশেষ প্রতীকী তাৎপর্য বহন করে।
পুরিম উদযাপনের আগে উপাসনাকারীরা ওল্ড টেস্টামেন্টের একটি বিশেষ অংশ পাঠ করেন। যা ‘জাখোর’ নামে পরিচিত। বুক অব ডিউটারোনমি’র এই অনুচ্ছেদে প্রাচীন ইসরায়েলিদের আদেশ দেওয়া হয়েছে, তারা যেন ‘আমালেক’ বা শত্রু জাতির পক্ষ থেকে হওয়া এক অতর্কিত হামলার কথা স্মরণ রাখে। ইসরায়েলিরা যখন তাদের নিজ ভূমিতে বসতি স্থাপন করবে, তখন যেন তারা আমালেকের স্মৃতি সম্পূর্ণ মুছে ফেলে।
পুরিম উৎসবের ঠিক আগে এই অনুচ্ছেদটি (জাখোর) জনসমক্ষে পাঠ করা হয়। এর উদ্দেশ্য ‘আমালেক’কে ইসরায়েলের চিরশত্রু বা আদি শত্রু হিসেবে স্মরণের ধর্মীয় বিধান পালন করা।
অপরদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের যৌথ অভিযানের নামকরণ করেছে ‘অপারেশন এপিক ফিউরি’ বা মহাকাব্যিক ক্রোধের অভিযান। পেন্টাগন তাদের এক্স হ্যান্ডেলে মার্কিন পতাকাসহ ‘অপারেশন এপিক ফিউরি’ লিখে পোস্ট দিয়েছে।
গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো মার্কিন হামলার সাংকেতিক নাম ছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
