ইরানের জনগণকে ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান ট্রাম্পের

 

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | দ্য নিউইয়র্ক টাইমস

ইরানে সামরিক অভিযান শুরুর পর একটি ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানি জনগণের উদ্দেশে বলেছেন, অভিযান শেষ হওয়ার পর আপনারা সরকারের ক্ষমতা নিয়ন্ত্রণে নিন।

ট্রাম্পের ওই ভাষণটি আগেই রেকর্ড করা। তিনি বলেন, ‘এটি সম্ভবত প্রজন্মের পর প্রজন্মে পাওয়া একমাত্র সুযোগ। অনেক বছর ধরে আপনারা (ইরানি) আমেরিকার সাহায্য চেয়েছেন, কিন্তু তা পাননি। আমি আজ রাতে যা করতে যাচ্ছি, তা করার সাহস আগে কোনো প্রেসিডেন্টের ছিল না।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি আপনাদের চাওয়া পূরণ করছেন। তাই দেখা যাক আপনারা কেমন সাড়া দেন।’

ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার রাত ১টার পর ইরানে হামলা শুরু হয়। মার্কিন কংগ্রেসের অধিকাংশ সদস্যই তখন ঘুমিয়ে ছিলেন। তবে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর জ্যাক রিড হামলা শুরুর আগে এক বিবৃতিতে বলেছিলেন, ‘যদি যুদ্ধ অপ্রয়োজনীয় হয়, তবে তা এড়িয়ে চলা উচিত।’

জ্যাক রিড আরও বলেছিলেন, সম্ভাব্য কোনো হামলার বিষয়ে কংগ্রেসকে ব্রিফিং বা গোয়েন্দা তথ্য দেওয়া হয়নি। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইরান একটি গুরুতর হুমকি হলেও, প্রশাসন আগাম হামলার ‘কৌশলগত যৌক্তিকতা’ উপস্থাপন করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *