মনের কষ্ট থেকে এবারও প্রার্থী আবুল মুনসুর

প্রকাশ: আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৩:১১

মনে লুকিয়ে থাকা কষ্ট থেকে এবারও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রিশালের আবুল মুনসুর। ষাটোর্ধ্ব এই ব্যক্তি পেশায় ভিক্ষুক। তিনি যে বঞ্চনার শিকার, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তাঁর মতো অন্যদের সেই হতাশা দূর করতে চান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল সোমবার বিকেলে মনোনয়নপত্র জমা দেন আবুল মুনসুর। এ সময় তিনি একাই ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন। ত্রিশালে ভোটার অনুপাতে এজন্য কমপক্ষে চার হাজার স্বাক্ষর দরকার। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুনসুর আলী মনোনয়নপত্রের সঙ্গে চার হাজার ৭০০ স্বাক্ষর সংবলিত কাগজ জমা দিয়েছেন।

বইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের বাসিন্দা আবুল মুনসুর। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরে অসুস্থ হয়ে পড়ায় রিকশা চালাতে অক্ষম হয়ে পড়েন, বেছে নেন ভিক্ষাবৃত্তি। তাঁর চার ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে কর্মক্ষম হলেও গত ১৬ বছর ধরে তিনি ভিক্ষা করছেন। থাকেন ছেলের সংসারে। স্ত্রী মারা গেছেন অনেক আগে।
২০২৩ সালে বইলর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন আবুল মুনসুর। পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চতুর্থ অবস্থানে ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ছিলেন। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকায় তাঁর মনোনয়নপত্র  বাতিল হয়ে যায়।

প্রার্থিতার বিষয়ে আবুল মুনসুর বলেন, মনের একটা কষ্ট থেকেই আমি এমপি প্রার্থী হয়েছি। কখনোই বয়স্ক ভাতা বা কোনো সরকারি সুযোগ সুবিধা পাইনি। যদি জয়ী হই, তাহলে আমার মতো কেউ যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করব।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *