বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৫%
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৫| প্রিন্ট সংস্করণ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিদেশি ঋণ-অনুদানের প্রতিশ্রুতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৫ শতাংশ বেড়েছে। তবে প্রতিশ্রুতি বেড়েছে মূলত ঋণের। অনুদানের প্রতিশ্রুতি অনেক কমে গেছে। এদিকে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি ভারত, চীন, জাপান, রাশিয়া ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। মূলত প্রতিশ্রুতির বড় অংশ এসেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের কাছ থেকে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বৈদেশিক ঋণ-অনুদান সম্পর্কিত ইআরডির সর্বশেষ প্রতিবেদনটি গতকাল সোমবার প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে উন্নয়ন সহযোগীরা প্রায় ১২২ কোটি ডলারের ঋণ-অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে যা ছিল ৫২ কোটি ডলারের কিছু বেশি।
গত পাঁচ মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি এসেছে ১১২ কোটি ৬৫ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে যা ছিল প্রায় ২৫ কোটি ডলার। তবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে অনুদানের পরিমাণ কমে প্রায় ৯ কোটি ডলারে নেমে এসেছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৭ কোটি ডলারের বেশি। গত পাঁচ মাসে এডিবি ৫৮ কোটি ডলার ও বিশ্বব্যাংক প্রায় দুই কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে।
চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় বেশ খানিকটা বেড়েছে। মোট ঋণ-অনুদান ছাড় হয়েছে ১৯৫ কোটি ডলারের মতো। গত অর্থবছরের একই সময়ে অর্থ ছাড় হয় প্রায় ১৫৪ কোটি ডলারের। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অর্থ ছাড় বেড়েছে সাড়ে ২৬ শতাংশ।
এদিকে পুরোনো বিদেশি ঋণের সুদাসলের পরিমাণ বেড়েই চলেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৮৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এটি ছিল ১৭১ কোটি ডলারের মতো। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় সুদাসল পরিশোধ বেড়েছে প্রায় সাড়ে ১০ শতাংশ।
