বিপিএল নোয়াখালী-ময়মনসিংহের ক্রেতা নেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ১২ অক্টোবর। আগ্রহ প্রকাশ করার সুযোগ দেওয়া হয়েছে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ বিজ্ঞাপন দেখে অনেক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে চেয়েছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। গতকাল পর্যন্ত ১২টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য বিসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত অফিসিয়াল আবেদন পড়েনি বলে জানায় বিসিবির একটি সূত্র। ২৮ অক্টোবরের পর প্রতিষ্ঠানগুলোর আবেদন পর্যালোচনা করে ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হতে পারে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ ও নোয়াখালী থেকে ফ্র্যাঞ্চাইজি চাওয়া হয়েছে। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ময়মনসিংহ ও নোয়াখালী থেকে কেউ ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেননি। জানা গেছে, ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ওয়ালটন। রংপুর রাইডার্সের সাবেক শেয়ারহোল্ডার মিজানুর রহমান পেছনে থেকে চেষ্টা করছেন ঢাকার এই দল পেতে। রাজশাহী ও খুলনা বিভাগ থেকে দুটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে চায় বলে জানান আমজাদ। লিখিত প্রস্তাবনা জমা না দেওয়ায় এ দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হচ্ছে না।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা টাইগার্সের মালিকানা পেতে আগ্রহী ইকবাল আল মাহমুদ। সমকালকে তিনি বলেন, ‘আমি পাঁচ বছর ধরে বিপিএলে আছি। আগামী পাঁচ বছরের জন্য দল চেয়ে আবেদন করব। আশা করি, বিসিবি আমাকে খুলনা দল পরিচালনার সুযোগ দেবে।’

সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা থেকেও ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী একটি করে প্রতিষ্ঠান। পুরোনোদের মধ্যে রংপুর রাইডার্সের থাকা নিশ্চিত। বরিশাল থেকে একটি প্রতিষ্ঠানের কথা শোনা গেলেও পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফরচুন শু’র মালিক মিজানুর রহমান এখনও আগ্রহ দেখাননি। বিসিবি থেকে যোগাযোগ করা হলেও খেলার বিষয়টি পরিষ্কার করেননি তিনি। গতকাল মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি লেখেন, ‘বিপিএল ডিসেম্বরে হলে দল নিতে পারব না। আগামী বছর নতুন স্লটে হলে রাজি হব। কারণ এ মুহূর্তে বাজেট জোগাড় করা কঠিন।’ তিনি জানান, ‘এ বছরই তো একটি বিপিএল খেলেছি এবং বর্তমান বাস্তবতায় স্পন্সর পাওয়া কঠিন।’

বিসিবির সিনিয়র সহসভাপতি শাখাওয়াত হোসেন যোগাযোগ করেছেন মিজানুর রহমানের সঙ্গে। তিনি দেরি করলে শেষ পর্যন্ত বরিশাল ফ্র্যাঞ্চাইজি পাঁচ বছরের জন্য হারাতে পারেন। কারণ বিপিএল গভর্নিং কাউন্সিলের চেষ্টা থাকবে বরিশালের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা। মিজানুর রহমান দোটানায় থাকলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক সামির কাদের চৌধুরী আবার দল পেতে চান বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

You may also like...