পাকিস্তান দল ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায়

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬

গোটা ক্রিকেট দুনিয়ার নজর যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালের দিকে, তখন বাংলাদেশ ও পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে ভিন্ন এক লড়াইয়ের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার ভোরে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি অংশ ঢাকায় এসে পৌঁছায়। এর আগে শনিবারই প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে সাপোর্ট স্টাফদের কয়েকজন ঢাকায় চলে আসেন।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী এবারের বাংলাদেশ সফরে তিন সংস্করণের ক্রিকেটই খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) কারণে সেই সূচিতে বড়সড় পরিবর্তন আনতে হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এই দফায় কেবল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজটি। আর পিএসএলের ব্যস্ততা শেষে আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান দল।

দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে বাংলাদেশের মাটিতে আবারও ওয়ানডে খেলতে নামছে পাকিস্তান। সর্বশেষ ২০১৫ সালের পূর্ণাঙ্গ সফরে তারা শেষবার এদেশে ওয়ানডে খেলেছিল। এরপর ২০২১ এবং গত বছর বাংলাদেশ সফর করলেও সেগুলোতে কেবল টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচই ছিল।

১১ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।

এই সিরিজটি বাংলাদেশের জন্য পুরোনো সুখস্মৃতি ফিরিয়ে আনার বড় সুযোগ। ১১ বছর আগের সেই সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক কীর্তি গড়েছিল বাংলাদেশ। যদিও এর আগের চারটি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশকেই উল্টো ধবলধোলাইয়ের তেতো স্বাদ দিয়েছিল তারা। এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৯ বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ৫টিতে।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *