তুরাগে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে আগুন, দগ্ধ ১০

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ দুই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।শুক্রবার ভোররাতে কামারপাড়ার বামনারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে আসে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে যায়।

দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন, রোজা (৩), সোনিয়া আক্তার (২৪), রুবেল (২৭), জুনায়েদ (১৩), মো. এনায়েত আলী (৩০), দুলারা খাতুন (২২), আবু কালাম রুবেল (৩৫), মো. হাবিব (৩৫), আয়েশা আক্তার (১৮), রিয়া আক্তার (২৫)।

দগ্ধ এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়।

সাজেদ জানান, এনায়েত পরিবার নিয়ে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরে দ্বিতীয় তলার বাসায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে৷ বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগী এসেছেন। তাদের চিকিৎসা চলছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা ড্রেসিং করার পর বলা যাবে।ফায়ার সার্ভিস জানায়, ভোররাত সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। বলা হয়, বামনারটেকের চারতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুন লেগেছে। গ্যাসের লাইনের ছিদ্র থেকে বিস্ফোরণের পর আগুন ধরে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক বলেন, বাসাটির দ্বিতীয় তলায় বিস্ফোরণের পর আগুন লাগে। গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *