বিশ্বকাপের মাঝেই বাবাকে হারালেন রিংকু সিং
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রিংকু বর্তমানে বিশ্বকাপ দলের সঙ্গে অবস্থান করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবাকে দেখতে দেশে ফিরেছিলেন তিনি। তবে অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে খানচাদ সিংকে ভেন্টিলেটর সাপোর্টে নিতে হয়। ম্যাচের আগে সময়মতো দলে ফিরলেও একাদশে জায়গা পাননি রিংকু। তার পরিবর্তে খেলেন সঞ্জু স্যামসন। তবে বদলি ফিল্ডার হিসেবে ম্যাচে অংশ নেন রিংকু।
রিংকুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘রিংকু সিংয়ের বাবা শ্রদ্ধেয় খানচাঁদ সিংজির মৃত্যু সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। বিশ্বকাপ চলাকালে রিংকু ও তার পরিবারের জন্য এটি নিঃসন্দেহে একটি কঠিন সময়। তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন বিদেহী আত্মাকে শান্তি দেন এবং শোকাহত পরিবারকে এই শূন্যতা সইবার শক্তি ও সাহস দেন।’
এদিকে, সুপার এইট পর্বের শেষ ম্যাচ খেলতে এখন কলকাতায় পাড়ি জমাবে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কার্যত অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে আসা ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচের জয়ী দলই সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে।
