বিশ্বকাপের মাঝেই বাবাকে হারালেন রিংকু সিং

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই পিতৃবিয়োগের শোক ছুঁয়ে গেল ভারতীয় ক্রিকেটার রিংকু সিংকে। চতুর্থ স্তরের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শুক্রবার মারা গেছেন তার বাবা খানচাঁদ সিং। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রিংকু বর্তমানে বিশ্বকাপ দলের সঙ্গে অবস্থান করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবাকে দেখতে দেশে ফিরেছিলেন তিনি। তবে অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে খানচাদ সিংকে ভেন্টিলেটর সাপোর্টে নিতে হয়। ম্যাচের আগে সময়মতো দলে ফিরলেও একাদশে জায়গা পাননি রিংকু। তার পরিবর্তে খেলেন সঞ্জু স্যামসন। তবে বদলি ফিল্ডার হিসেবে ম্যাচে অংশ নেন রিংকু।

আলিগড়ে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার সরবরাহের কাজ করতেন খানচাঁদ সিং। প্রবল আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটে রিংকুর আজকের এই অবস্থানের পেছনে তার বাবার অবদান ছিল অনস্বীকার্য।

রিংকুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘রিংকু সিংয়ের বাবা শ্রদ্ধেয় খানচাঁদ সিংজির মৃত্যু সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। বিশ্বকাপ চলাকালে রিংকু ও তার পরিবারের জন্য এটি নিঃসন্দেহে একটি কঠিন সময়। তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন বিদেহী আত্মাকে শান্তি দেন এবং শোকাহত পরিবারকে এই শূন্যতা সইবার শক্তি ও সাহস দেন।’

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই রিংকু। টুর্নামেন্টের আগে দারুণ ফর্মে থাকলেও মূল মঞ্চে ৫ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৪ রান। বড় ইনিংসের অভাবেই মূলত একাদশে জায়গা হারাতে হয়েছে তাকে।

এদিকে, সুপার এইট পর্বের শেষ ম্যাচ খেলতে এখন কলকাতায় পাড়ি জমাবে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কার্যত অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে আসা ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচের জয়ী দলই সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *