সংসদ নির্বাচন ও গণভোট এক মাসেও প্রতিবেদন জমা দেয়নি পর্যবেক্ষণ সংস্থাগুলো
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার এক মাস পার হলেও ভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো। এ ক্ষেত্রে প্রতিবেদন পেতে পর্যবেক্ষকদের সতর্কবার্তা দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দ্রুতই সব সংস্থাকে আলাদাভাবে এই বার্তা দেওয়া হবে।
জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন শেষ হওয়ার পর দেশি পর্যবেক্ষকরা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা এক মাস পার হলেও এখনও বিস্তারিত প্রতিবেদন জমা দেয়নি তারা। এ জন্য আমরা একটি সময় নির্ধারণ করে দিয়ে সতর্কতামূলক তাগিদপত্র দেব তাদের।
ইসি প্রণীত নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার সাত দিনের মধ্যে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন এবং এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে পর্যবেক্ষক সংস্থাগুলো পর্যবেক্ষকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে একটি সামগ্রিক চিত্র তুলে ধরে প্রতিবেদন তৈরি করবে এবং কমিশনে দাখিল করবে। এই প্রতিবেদনে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাপনা কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে সুপারিশও সংযুক্ত করতে হবে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই হিসাবে পর্যবেক্ষক সংস্থাগুলোর পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা গত শনিবার পার হয়েছে। তবে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো প্রাথমিক প্রতিবেদন জমা দিলেও এখন পর্যন্ত কেউই ইসিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি।
