পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত
ঝিনাইদহ শহরে তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ সময় পাম্প শ্রমিকদের হামলায় নিরব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাব।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, হাসপাতালে আসার কয়েক মিনিট পর নিরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথার) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, ‘আমি ঢাকাতে। পাম্পে একটি ঘটনা ঘটেছে, বিষয়টি জানতে পেরেছি। তবে কি নিয়ে ঘটনা তা জানতে পারিনি।’
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, তেল নিতে আসলে পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর যে যুবক তেল নিতে আসছিল সে হাসপাতালে যাওয়ার পর মারা যায়। এই ঘটনার পর পাম্পের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত করে বলা যাবে।
