কর্মবিরতিতে যাওয়া নারীদের ফেরাতে ব্র্যাকের উদ্যোগ
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬
পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বকালীন সময়ে অনেক পেশাজীবী নারী চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন। শুধু এই দুই কারণে স্বেচ্ছায় বা অনিচ্ছায় কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন কিংবা পেশা ছেড়ে দিচ্ছেন প্রায় ৭৫ শতাংশ নারী। এ ছাড়া বিরূপ কর্মপরিবেশ, উচ্চশিক্ষা নেওয়া এবং সামাজিক চাপও অনেকের চাকরি ছাড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া এমন নারীদের পেশাজীবনে ফিরিয়ে আনতে আবারও শুরু হয়েছে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচি।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের আর্লি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাজিবুল ইসলাম প্রিয়ম।
ব্রিজ রিটার্নশিপ কর্মসূচিতে এক হাজার ২০০ জনের বেশি আবেদনকারীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্তভাবে ২৪ জনকে নির্বাচিত করা হয়েছে। তারা আগামী ছয় মাস ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে কাজ করবেন। নির্বাচিতদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা ও মেন্টরিংসহ পেশাগত দক্ষতা বাড়ানোর নানা আয়োজন থাকবে।
অনুষ্ঠানে জানানো হয়, ব্রিজ রিটার্নশিপ কর্মসূচির মূল লক্ষ্য হলো– যেসব নারী কোনো কারণে পেশা ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের কর্মক্ষেত্রে পুনঃপ্রবেশে সহায়তা করা। এ কর্মসূচির অংশগ্রহণকারীরা ব্র্যাকের বিভিন্ন প্রকল্পে তত্ত্বাবধান, গবেষণা ও অন্যান্য কাজে যুক্ত থাকবেন এবং সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে মৌটুসী কবীর বলেন, একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানো বড় সিদ্ধান্ত এবং বড় ঝুঁকি। প্রতিভাবান নারীদের আবারও পেশাজীবনে ফিরে আসা, নেতৃত্ব দেওয়া এবং প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতেই ব্র্যাকের ব্রিজ রিটার্নশিপ কর্মসূচি চালু করা হয়েছে।
কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের পেশাজীবনে ফিরিয়ে আনতে গত বছর থেকে ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচি চালু করেছে ব্র্যাক।
