আমিরাতের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, একজন নিহত

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে সোমবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। দুবাই বিমানবন্দরের কাছে একটি ড্রোন থেকে জ্বালানি ট্যাংকে আগুন লাগায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। অপরদিকে ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি।

এর বাইরে আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় তেলের অবকাঠামোতে আগুন লাগার ঘটনাও আছে। একদিন আগেও এখানকার জ্বালানি স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছিল।

আমিরাতে এই হামলার ঘটনা ঘটলো ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দুইদিন পর। খার্গের হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, দ্বীপটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল আমিরাত থেকে। যদিও আমিরাতের প্রশাসন এমন অভিযোগ অস্বীকার করেছে।

সোমবারের হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র আবুধাবি শহরের কাছের একটি এলাকার গাড়িতে আঘাত হানে। এতে একজন ফিলিস্তিনি বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাতে মোট সাতজন প্রাণ হারালেন। তাদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক এবং দুজন সামরিক সদস্য। সামরিক সদস্যরা প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলা থেকে জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়। তবে ফ্লাইট চলাচল ধীরে ধীরে আবার শুরু হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। (এএফপি)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *