হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২ লেবাননে ইসরাইলের বিমান হামলা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এসব হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ ১২ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) শনিবার জানিয়েছে, দেশটির পূর্বে বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকার বালবেক এলাকায় হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল হিলওয়েহ শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন।

২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এদিকে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে চরম বিতর্ক উসকে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ইসরাইল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা দখল করে নেয়, তাহলে ভালো হবে। বাইবেলে এমনটা উল্লেখ আছে দাবি করে তিনি বলেন, ইসরাইলের পুরো মধ্যপ্রাচ্য দখলের অধিকার আছে।

মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারটি শনিবার সম্প্রচারিত হয়, যেখানে তার কাছে ইসরাইলের ভৌগোলিক সীমানা সম্পর্কে জানতে চাওয়া হয়। হাকাবি দাবি করেন, বাইবেলে প্রতিশ্রুত ভূমির কথা বলা হয়েছে। আর প্রতিশ্রুত ভূমি বলতে নীল নদ থেকে ইউফ্রেটিস  (ফোরাত নদী) পর্যন্ত প্রায় সমগ্র এলাকাকে নির্দেশ করে যার মধ্যে আধুনিক ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন, সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *