পরমাণু অস্ত্র বহনে সক্ষম ৫০ রকেট লঞ্চার উন্মোচন করল উ. কোরিয়া

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ৫০টি রকেট লঞ্চার উন্মোচন করেছেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি গুরুত্বপূর্ণ কংগ্রেসের আগে রকেট লঞ্চারগুলো উন্মোচন করলেন উন। রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কিম ৬০০ মিমি-ক্যালিবার রকেট লঞ্চারগুলোকে বিস্ময়কর এবং আকর্ষণীয় বলে প্রশংসা করেন এবং আরও বলেন, আগামী কংগ্রেসকে সামনে রেখে নতুন সামরিক লক্ষ্য নির্ধারণ করা হবে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মীরা এই ধরনের পঞ্চাশটি লঞ্চার উপস্থাপন করেন। কিম বলেন, যখন এই অস্ত্র ব্যবহার করা হবে তখন আসলে কোনো শক্তিই তা প্রতিহত করতে পারবে না। এটি সত্যিই একটি চমৎকার এবং কার্যকর অস্ত্র। তিনি লঞ্চারগুলোকে শক্তিশালী আক্রমণের জন্য বিশ্বের সবচেয়ে সুবিধাজনক অস্ত্র হিসাবে বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিয়ংইয়ংয়ের সংস্কৃতি ভবনের প্লাজায় সারিবদ্ধভাবে পার্ক করা কয়েক ডজন লঞ্চ যান, যেখানে কংগ্রেস অনুষ্ঠিত হবে। অস্ত্রগুলো নিয়ে কিম আরও বলেন- এটি একটি বিশেষ আক্রমণের জন্য উপযুক্ত, অর্থাৎ একটি কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য।

এই মাসে অনুষ্ঠিতব্য ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের আগে কিম বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেছেন, যাকে উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে ব্যাপকভাবে দেখা হয়। এই রাজনৈতিক সমাবেশে আগামী পাঁচ বছরের জন্য উত্তর কোরিয়ার পররাষ্ট্র নীতি, যুদ্ধ পরিকল্পনা এবং পারমাণবিক উচ্চাকাক্সক্ষা তুলে ধরা হবে বলে প্রতিবেদনে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *