এপস্টেইন কেলেঙ্কারি গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ‘প্রিন্স অব ডার্কনেস’ খ্যাত ম্যান্ডেলসন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি পদে অসদাচরণের অভিযোগে যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাঁকে জামিনও দেওয়া হয়েছে। ব্রিটিশ রাজনীতিতে প্রভাবের কারণে ম্যান্ডেলসন ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে পরিচিত।
অভিযোগ অনুযায়ী, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব থাকাকালে সরকারি পদে অসদাচরণ করেছিলেন ম্যান্ডেলসন। ওই সময় তিনি যুক্তরাজ্যের বাণিজ্য সচিব ছিলেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার রাতে লন্ডনের বাড়ি থেকে সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। কিছুক্ষণ পর আরেকটি গাড়িতে করে তাঁকে বাসার সামনে নামিয়ে দেওয়া হয়।
ম্যান্ডেলসন ওয়াশিংটনের যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছিলেন। কিছুদিন আগে তিনি ক্ষমতাসীন দল লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন। অভিযোগ অনুযায়ী, বাণিজ্য সচিবের দায়িত্বে থাকার সময় তিনি বাজার-সংবেদনশীল তথ্য এপস্টেইনের কাছে পাচার করেছিলেন। যদিও এর আগে এমন অভিযোগের কথা অস্বীকার করেছেন লেবার পার্টির সাবেক এই নেতা।
