রিয়ালের জয়ে চাপ কমল আলোনসোর

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১০:২০

সেল্টা ভিগোর পর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হার। টানা ব্যর্থতায় সান্তিয়াগো বার্নাব্যুতে যেন আগ্নেয়গিরির ওপর বসেছিলেন কোচ জাবি আলোনসো। গুঞ্জন উঠেছিল তার চাকরি নিয়েও। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে লা লিগার ম্যাচে আলাভেসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেললেন আলোনসো।

ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে আনল লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ২৪ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে জাল খুঁজে নেন এমবাপ্পে। এটি চলতি মৌসুমে তার ১৭তম এবং রিয়ালের জার্সিতে ৭০তম গোল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যেই আন্তোনিও ব্লাঙ্কোর পাসে গোল করে আলাভেসকে সমতায় ফেরান কার্লোস ভিসেন্তে। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই ত্রাতা হয়ে আসেন রদ্রিগো। ৭৬ মিনিটে স্বদেশি সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের পাস ধরে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।