ঝিনাইদহ-৪ গণঅধিকারের রাশেদের মনোনয়নে বিএনপিতে ক্ষোভ, যুবদল কর্মীর কান ধরে দল ত্যাগের ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭:৫৬ |
আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ফরহাদের এ ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফরহাদ শহরের পৌর এলাকার ফয়লা গ্রামের বাসিন্দা। যোগাযোগ করা হলে ফরহাদ সমকালকে বলেন, ‘আমি ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শের কাণ্ডারি। ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনে ফিরোজ ও হামিদের হয়ে বিএনপি করতাম। আসনে এই দুজনের কাউকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করলাম। রাজনীতি আর করব না।’
ফরহাদের ভাষ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী না দিলে এ আসন টিকবে না (জোটের প্রার্থী জয়ী হতে পারবে না)।
জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন বিএনপির তিন নেতা। আজ মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে এ আসনটিতে গণঅধিকার পরিষদের রাশেদ খানের নাম ঘোষণা করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
এছাড়া প্রতিবাদ সমাবেশ করেন আরেক মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ অনুসারীরা।
