ওয়াংখেড়ে দেখল দুই ভুবনের দুই রাজার মিলনমেলা
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১২:৩২
ভিন্ন দুই ভুবনের দুই মহাতারকা। একজন যদি হন ক্রিকেটের ঈশ্বর, তবে অন্যজন ফুটবলের জাদুকর। খেলার ধরণ আলাদা, নিয়ম ভিন্ন, কিন্তু আবেগের ভাষা যে অভিন্ন। সেটাই যেন ফের প্রমাণিত হলো মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রোববার ইতিহাসের এক বিরল মুহূর্তের সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব। একই মঞ্চে, একই ফ্রেমে বন্দি হলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও লিওনেল মেসি।
মেসির ভারত সফরের অন্যতম আকর্ষণ ছিল এই সাক্ষাৎ। ওয়াংখেড়ের সবুজ গালিচায় যখন এই দুই মহাতারকা মুখোমুখি হলেন, তখন গ্যালারিতে শুধুই মুগ্ধতা। সম্মানের নিদর্শন হিসেবে আর্জেন্টাইন অধিনায়কের হাতে নিজের স্বাক্ষর করা জার্সি তুলে দেন লিটল মাস্টার।
জার্সি হাতে মেসির চোখেমুখে ছিল বিনম্র শ্রদ্ধা আর প্রশান্ত হাসি। শচীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি তিনি। মুহূর্তটি যেন বলে দিচ্ছিল, মহাতারকারাও একে অন্যের ভক্ত। শচীন যেমন বাইশ গজের অনুপ্রেরণা, মেসি তেমনি সবুজ মাঠের বিস্ময়। দুই প্রজন্মের দুই কিংবদন্তির এই সৌহার্দ্যপূর্ণ বিনিময় ছাপিয়ে গেছে খেলার সীমানা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দৃশ্য কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, ছিল বিশ্ব ক্রীড়ার এক ঐতিহাসিক মিলনমেলা। ‘শচীন’ আর ‘মেসি’ ধ্বনিতে প্রকম্পিত স্টেডিয়াম দেখল খেলাধুলার সীমানা ভেঙে তৈরি হওয়া এক অটুট বন্ধন। মুম্বাইয়ের এই সন্ধ্যাটি ক্রীড়া ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
