সড়ক দুর্ঘটনা যাচ্ছিলেন সমুদ্র দেখতে, পথেই যাত্রা থামল চিরতরে

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচ নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর হাঁসেরদীঘি ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন   তিনজন। তারা সবাই ঢাকার উত্তরা থেকে কক্সবাজারে সমুদ্র দর্শনে যাচ্ছিলেন।

নিহতরা হলেন– চৌদ্দগ্রামের বাতিসা এলাকার ব্যবসায়ী এনামুল হকের স্ত্রী রুমেনা বেগম (৬০), তাঁর মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া হক (২৪), ছেলে আমিনুল হকের স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৫), ফারজানার মা রিজওয়ানা ইসলাম (৫০) ও ফারজানার বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারহানা মজুমদার (২৪)। আহতরা হলেন– এনামুল হক, তাঁর ছেলে আমিনুল হক ও তাঁর শিশুসন্তান সাদমান (৬)।

নিহতদের স্বজন চকরিয়ার ডুলাহাজারা এলাকার জান্নাতুল ফেরদৌস বলেন, বুধবার ভোরে আমিনুল হক তাঁর স্ত্রী, সন্তান, পুত্রবধূ ও তাদের আত্মীয়দের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। আমিনুল হক নিজেই মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। মাইক্রোবাস হাঁসেরদীঘি ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মারসা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পরিবারের পাঁচ নারী। আমিনুল হক, তাঁর ছেলে ও নাতি সাদমান গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কক্সবাজার থেকে কুমিল্লা ফেরার পথে তাদের ডুলাহাজারা এলাকায় আমাদের বাড়িতে আসার কথা ছিল।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন মারা যাওয়া রুমানা আকতারের ছেলে মুনীরুল হক। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের বাড়ি চৌদ্দগ্রামের চান্দিশকরা গ্রামে। স্থানীয়রা জানান, আমিনুল হক স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীর উত্তরায় থাকেন। পরিবার ও স্বজনদের নিয়ে বুধবার ভোরে আনন্দভ্রমণে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি উত্তরার বাসা থেকে। আমিনুল হকের শ্বশুর আবদুল মান্নান মজুমদার বলেন, ‘আমার মেয়ে ফারজানা মজুমদার কয়েক দিন আগে বেড়াতে আসে। দীর্ঘদিন ধরে কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে আমিনুলের দেখা হচ্ছিল না, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কয়েক দিন আগে আমিনুল পরিকল্পনা করে কক্সবাজার যাবে সবাইকে নিয়ে। মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা থেকে মাইক্রোবাস ভাড়া করে সবাইকে নিয়ে কক্সবাজার রওনা হয়েছিল। কিন্তু পথেই দুটি পরিবার শেষ হয়ে গেছে। আমার নাতিটার অবস্থাও বেশি ভালো না। এখন আমি কী নিয়ে বাঁচব! কীভাবে এত লাশের ভার বইব?’
আমিনুল হকের গ্রামের প্রতিবেশী আমজাদ হোসেন বলেন, তাদের মরদেহ নিয়ে চৌদ্দগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন স্বজনরা। আজ সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

মনিরামপুরে পাওয়ারটিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

যশোরের মনিরামপুরে পাওয়ারটিলার এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনজিত কুমার দাস ও তাঁর  স্ত্রী পাপিয়া দাস নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বাকোশপোল বাজারের পশ্চিম পাশের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনজিত বাজিতপুর কলেজের প্রভাষক, তাঁর স্ত্রী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক।

এলাকাবাসী জানায়, দুপুরে রনজিত ও পাপিয়া মোটরসাইকেলে রোহিতা এলাকায় যাচ্ছিলেন। পথে বাকোশপোল বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত থেকে আসা কাঠবোঝাই একটি পাওয়ারটিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। উদ্ধারের পর তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ 
সিলেট সদর উপজেলার শাহপরাণ এলাকার খাদিমপাড়ায় পাথরবাহী মিনি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুরে খাদিমপাড়ার ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক মো. মুন্না (২০) জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরহাটে ৬ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গত মঙ্গলবার ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয়জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া ঘাতক ট্রাকের চালক আব্দুর জাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল নিহত অটোরিকশাচালক খোকনের ছেলে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন।

You may also like...