বিদেশি গণমাধ্যমে শাহজালাল বিমানবন্দরের আগুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে শনিবার। বিশ্ব গণমাধ্যমে এই ঘটনাটি গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে।
বিবিসি বাংলায় প্রচারিত খবরটির শিরোনাম ছিল- শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, যা জানা যাচ্ছে।
এ খবরে বলা হয় আগুন আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসে ৩৭টি ইউনিট। যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও।
আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে এই খবরে জানানো হয়।
পরবর্তীতে আরেকটি খবর প্রচারিত হয়, যার শিরোনাম- শাহজালাল বিমানবন্দর সাত ঘন্টা পর চালু, ‘নাশকতার’ প্রমাণ খুঁজছে সরকার।
এত বলা হয়, আগুন প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত নয়টা থেকে ফ্লাইট চলাচলসহ বিমানবন্দরের সব কার্যক্রম আবারও শুরু করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বার্তা সংস্থা এএফপি লিখেছে, বাংলাদেশের মূল বিমানবন্দরে আগুনের ঘটনায় বিমান চলাচল স্থগিত।
রয়টার্স লিখেছে, আগুনে বিমানবন্দরের কার্যক্রম বন্ধের পর আবার বিমান চলাচল চালু। রাত ৯:০৬ মিনিটে প্রথম বিমানটি বিমানবন্দর ছাড়ে, কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় রয়টার্স।
ভারতের এনডিটিভির একটি প্রতিবেদনের শিরোনাম ছিল- ঢাকা এয়ারপোর্টে কার্গো সেকশনে আগুন, বিমান চলাচল বন্ধ। চট্টোগ্রাম ও সিলেটে অনেক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে এই খবরে জানানো হয়। এছাড়া দিল্লী থেকে ঢাকাগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট এই অগ্নিকাণ্ডের কারণে বিলম্বিত হয়।
গালফ নিউজের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল- ঢাকা এয়ারপোর্টের আগুন নিয়ন্ত্রণে, বিমান চলাচল শুরু। এতে বলা হয়, শনিবারের এই আগুনের কারণে আরব আমিরাত থেকে ঢাকাগামী ফ্লাইটগুলো বিলম্ব এবং বাতিল হয় বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। শনিবার দুপুরের এই আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়।
