গাজায় যুদ্ধ বন্ধে মিসরে বৈঠক নিয়ে যা জানা গেল

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে মিশর পৌঁছেছেন উভয় দেশের প্রতিনিধিরা। এ আলোচনা ফিলিস্তিনি ভূখণ্ডটি ঘিরে গত দুই বছর ধরে যে অমানবিক যুদ্ধ চলছে তার অবসান হবে এবং জিম্মিরা ঘরে ফিরবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক আলোচনার প্রথম কয়েকদিনকে খুবই গুরুত্বপূর্ণ বলে আখ্যাও দিয়েছেন।

আজ সোমবার আল জাজিরা জানিয়েছে, হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির নির্বাসিত নেতা খলিল আল-হায়া। তিনি গতকাল রোববার মিশর পৌঁছেছেন। তিনি সম্প্রতি কাতারে ইসরায়েলি হত্যা প্রচেষ্টার হামলা থেকে বেঁচে যান। তার নেতৃত্বেই হামাসের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে কথা বলবেন। গত মাসে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় প্রাণে বেঁচে ফেরার পর হায়ার এটিই প্রথম মিশর সফর।

You may also like...