যমুনা অভিমুখে পোশাকশ্রমিকদের মিছিল, পুলিশের বাধা

বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরের টিএনজেড গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। কাকরাইল মসজিদের সামনের মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। সেখানেই তাঁরা অবস্থান করছেন।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যান। তাঁরা বেতনের দাবিতে স্লোগান দিচ্ছেন।

শ্রমিকেরা ‘যাব না রে, যাব না বেতন ছাড়া যাব না’, ‘দুনিয়ার মজদুর, এক হও’, ‘বাঁচার মত বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ স্লোগান দিচ্ছেন

গত ১১ মে থেকে টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা শ্রম ভবনের সামনে বকেয়া বেতন, ঈদ বোনাস, নোটিশ পে, সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনার দাবিতে আন্দোলন করছেন।

টিএনজেড গ্রুপের কারখানায় চার বছর ধরে অপারেটর হিসেবে কাজ করছেন পোশাকশ্রমিক নাছিমা আক্তার। তিনি বলেন, ‘তিন মাসের বেতন বাকি আছে। ৯ দিন ধরে শ্রম ভবনের সামনে বসেছিলাম। কেউ আমাদের দেখেওনি। আজ আমরা বাধ্য হয়ে এখানে এসেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *