আলটিমেটামের পরও সমাধানহীন রাজপথে ফের রুয়েট শিক্ষার্থীরা

প্রকৌশলীদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঘোষিত আলটিমেটাম শেষ হলেও কার্যকর সিদ্ধান্ত না আসায় ফের রাজপথে নেমেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারি মোড়ে সমাবেশে পরিণত হয়।

আন্দোলনকারীরা জানান, সরকারের একাধিক আশ্বাস সত্ত্বেও প্রকৌশলীদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। রাজধানীমুখী লংমার্চে পুলিশের বাধা ও হামলার পরও তারা দাবি থেকে সরে আসেননি। প্রথমে গঠিত ওয়ার্কিং কমিটি এক মাসের মধ্যে সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করে সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাদের দাবি, নির্বাচনকে সামনে রেখে সরকার ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। পুরকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব হোসেন বলেন, দীর্ঘদিনের বৈষম্য দূর করতে প্রণীত সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে ঘোষণা দেন- দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।