ডিএমপি কমিশনার- ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা:

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চন ভণ্ডুল করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত পুলিশ।

সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সংস্থা মিলে কাজ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হবো।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জিললুর রহমান, যুগ্ম কমিশনার ও উপ-কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ডাকসু নির্বাচন কমিশনের সহযোগী রিটার্নিং অফিসার, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি ও ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।