গ্রেপ্তার হচ্ছেন না সাদাপাথর পাথর লুটে জড়িত বড় নেতারা

রিপোর্ট: “প্রথম আই”

প্রকাশ :১৮ আগস্ট ২০২৫,

সিলেটে সাদাপাথর লুটপাটে জড়িত প্রভাবশালীদের নাম আলোচনায় থাকলেও গ্রেপ্তার তো দূরের কথা, তাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ বলছে, পাথর লুটের ঘটনায় যাঁরা শনাক্ত হচ্ছেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গতকাল শনিবার সদর ও গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ৫০০ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর বাইরে কোম্পানীগঞ্জ উপজেলায়ও অভিযান হয়। গত চার দিনে তিন উপজেলায় সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে একটা তালিকা তৈরি হয়েছে। এটি যাচাই–বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এরপর দোষীদের বিরুদ্ধে আইনগত সব পদক্ষেপ নেওয়া হবে। তবে যেসব অভিযুক্ত শনাক্ত হচ্ছেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।’

কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটের ঘটনায় গতকাল ভোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার হওয়া খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।

You may also like...