নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ মেলেনি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬
নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়েও ১০ শতাংশ কম নির্ধারণ করেছে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, লঞ্চগুলোর ফিটনেস নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য সময়ের তুলনায় স্বস্তি ও আনন্দদায়ক হবে। সদরঘাটে যাত্রীর চাপ কমাতে বছিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা হয়েছে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসব ঘাট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে। যাত্রীসেবা উন্নত ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
