নির্বাচন সুন্দর হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে,সভায় সিইসি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতির কাছে যে ওয়াদা করেছিলাম, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেটা পূরণ করতে পেরেছি। সবার সহযোগিতায় একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। তিনি বলেন, অতীতে আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও তাই হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করার বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ও ইউএনডিপি যৌথভাবে এ আয়োজন করে।

কোনো ধরনের বাধা ছাড়াই ভোটাররা ভোট দিতে পেরেছেন উল্লেখ করে সিইসি বলেন, ভোটকেন্দ্র পরিদর্শনকালে ভোটাররাও তাঁকে বলেছেন, কোনো সমস্যার সম্মুখীন হননি। বয়স্ক নারীরাও ভোট দিতে এসে কোনো বাধাবিপত্তি মোকাবিলা করেননি বলে জানিয়েছেন।
নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, ‘কালি তো উঠছে না। ভয় হচ্ছে সামনের লোকাল গভর্নমেন্ট (স্থানীয় সরকার) নির্বাচনে এই কালি নিয়ে ভোট দিতে গেলে আবার ধরা খাই কিনা!’

‘সংখ্যালঘু’ শব্দের ব্যবহারে নিজের আপত্তির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এখানে মাইনরিটি কীসের? আমরা তো এক জাতি। ধর্মীয় অর্থে হয়তো বিভাজন করা হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সবাই সমান এবং সবার সমান অধিকার।’

তিনি বলেন, দেশের অর্থনীতি ও জিডিপিতে নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না। নারীদের ঘরের কাজের অবদান আর্থিক মূল্যে হিসাব করা হলে দেশের জিডিপি বর্তমানের তুলনায় তিন গুণ বেশি হয়ে যেত।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তহমিদা আহ্‌মদ ও আনোয়ারুল ইসলাম সরকার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রমুখ। এ ছাড়া ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *