ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬

ভুয়া বিল-ভাউচারে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ গত সোমবার মামলাটি দায়ের করেন। গতকাল বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এজাহারে বলা হয়, আসামিরা অন্যান্য কর্মচারীর যোগসাজশে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিভিল ও ইলেকট্রো-মেকানিক কাজ উল্লেখ করে প্রকৃতপক্ষে কোনো কাজ না করে ভুয়া বিল-ভাউচার তৈরি করেন। ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকার ১৬টি চেক ইস্যু করেন।

এতে বলা হয়, আসামিরা প্রতারণা-জালিয়াতি করে ওই অর্থ আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্য পাঁচ আসামি হলেন– ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মো.  হেমায়েত উল্যাহ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সৈয়দ আবদুল আজিজ, প্রধান প্রকৌশলী ও বিনিয়োগ এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আমির মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বিনিয়োগ ও ব্যাংকিং শাখা প্রধান শেখ আবদুর রাজ্জাক ও সাবেক ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের প্রধান মো. কামাল হোসেন হাওলাদার।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *