ময়মনসিংহে শহীদ মিনারে ফুল দিতে আসা আ’লীগ নেতাদের সাথে পুলিশের বাকবিতন্ডা, গ্রেপ্তার ১

প্রকাশিত:২১ ফেব্রুয়ারি ২০২৬;

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতিয়ার কবীর বাপ্পীকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ইফতিয়ার কবীর বাপ্পী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে।

শহীদ মিনারে ফুল দিতে আসা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাত নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিতে দিতে তোড়া হাতে নিয়ে শহীদ মিনারের দিকে আসে। এসময় পুলিশ বাধা দেয় ও ফুলের তোড়া ছিনিয় নেয়। এতে পুলিশ ও আ’লীগ নেতাকর্মীদের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে “জয় বাংলা” স্লোগান দিয়ে ফুল দিতে আসে। এসময় পুলিশ ফুল দিকে বাধা দিলে পুলিশের দিকে তেড়ে আসে আ:লীগের নেতা কর্মীরা। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে গ্রেপ্তার করে পুলিশ। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে শহীদ মিনারে দায়িত্বরত পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। এসময় ইমতিয়াজ কবীর বাপ্পি নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *