সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার দুপুরে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারাদেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। এখনো কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি। তবে সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে।

কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১১টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি ও তার মিত্র দলগুলো।

অন্যদিকে, জামায়াতের ১১ দলীয় ঐক্য ৭৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন। আদালতের মামলা সংক্রান্ত জটিলতায় তিনটি আসনের ফল পরে ঘোষণা করবে ইসি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *