ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষে চোখ রিয়ালের, সিটির নাটকীয় প্রত্যাবর্তন

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ |

রোববার রাতে ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনাকে ছুঁতে মরিয়া রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেয়েছে ২-০ গোলের স্বস্তির জয়। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

এদিন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামেরমতো দুই তারকাকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন আলভারো আরবেলোয়া। প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার জমাট রক্ষণ ভাঙতে বেশ ঘাম ঝরাতে হয় এমবাপ্পেদের। উল্টো প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার আরনাউত ডানজুমান শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে পিছিয়ে পড়তে পারত রিয়াল।

ম্যাচের দৃশ্যপট বদলায় দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে আলভারো কারেরাসের গোলে ডেডলক ভাঙে মাদ্রিদ। আর ম্যাচের অন্তিম মুহূর্তে নিচু ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি লিগে ফরাসি ফরোয়ার্ডের ২৩তম গোল।

এদিকে ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে হাইভোল্টেজ লড়াইয়ে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নাটকীয় এই জয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়ে নামিয়ে আনল বর্তমান চ্যাম্পিয়নরা। লিগে এখনও বাকি ১৩ ম্যাচ।

ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল সিটি। লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন ডমিনিক সোবোসলাই। তবে ৮৪ মিনিটে বের্নার্দো সিলভার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপরই শুরু হয় আসল নাটক। যোগ করা সময়ের ৯৩তম মিনিটে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের সঙ্গে সংঘর্ষে ডি-বক্সে পড়ে যান ম্যাথুস নুনেজ। রেফারি ক্রেইগ পসন পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হাল্যান্ড। এই জয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে রইল পেপ গার্দিওলার শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *