নবি-হায়দারের ব্যাটে সম্মানজনক পুঁজি নোয়াখালীর
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৫:১০
বিপিএলে টানা চার হারের বৃত্তে বন্দি নোয়াখালী এক্সপ্রেস। জয়ের খোঁজে নেমে আজও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শুরুতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দলটি। তবে মোহাম্মদ নবি ও হায়দার আলির ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে ৬ উইকেটে ১৩৩ রানের লড়াকু পুঁজি পেয়েছে নোয়াখালী। জয়ের জন্য ঢাকার প্রয়োজন ১৩৪ রান।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের তোপে দিশেহারা হয়ে পড়ে নোয়াখালীর টপ অর্ডার। স্কোরবোর্ডে মাত্র ৪০ রান তুলতেই সাজঘরে ফেরেন প্রথম ৫ ব্যাটার। মনে হচ্ছিল ১০০ রানের নিচেই গুটিয়ে যাবে ইনিংস।
চরম বিপদের মুখে দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও হায়দার আলি। ষষ্ঠ উইকেটে এই দুজন ৬১ বলে ৯০ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। ইনিংসের শেষ ওভারে জুটি ভাঙার আগে হায়দার আলি ৩ চার ও ১ ছক্কায় ৩৬ বলে করেন ৪৭ রান। অন্যদিকে অভিজ্ঞ নবি ৩৩ বলে ৪২ রান করেন, যাতে ছিল ২টি করে চার ও ছক্কা। এছাড়া টপ অর্ডারে মাজ সাদাকাত ১৯ বলে ২৪ রান করে কিছুটা অবদান রাখেন।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, ইমাদ ওয়াসিম, সাইফউদ্দিন, জিয়াউর রহমান, নাসির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।
