ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৭:০৪

এখন থেকে প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপ-শাখায় নারীবান্ধব ওয়াশরুম থাকা বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক। এসব ওয়াশরুমে পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে। ব্যাংকের নারীকর্মী ও আগত সেবাপ্রত্যাশীদের জন্য এ ব্যবস্থা করতে হবে। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন শাখা, উপ-শাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুমের আবশ্যকতা রয়েছে। কর্মক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা এবং সেবাপ্রত্যাশী নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।
নির্দেশনায় বলা হয়েছে, এরকম অবস্থায় ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা, উপ-শাখায় নারী কর্মকর্তা-কর্মচারী ও  সেবাপ্রত্যাশী নারীদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *