স্বপ্ন নিয়ে পার্থে ঋতুপর্ণারা

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬

এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলতে শনিবার পার্থে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা। চীন ও কোরিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচ থেকে অনেক কিছুই শিখেছেন ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকাররা। আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে স্বপ্নের ম্যাচ জিতলে বিশ্বকাপ খেলার ইতিহাস গড়তে পারে পিটার বাটলারের দল।

এই মঞ্চ থেকে বিশ্বকাপ খেলার হাতছানি দিয়ে ডাকছে মারিয়া মান্দা-কৌহাতি কিসকুদের। উজবেকিস্তানকে হারাতে পারলে সেরা দুটি রানার্সআপের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে। সেই স্বপ্ন নিয়েই গতকাল সিডনি থেকে পার্থে গেছে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষে কোন ছকে দলকে খেলাবেন, সেই পরিকল্পনা করছেন কোচ পিটার বাটলার। তবে গতকাল কোনো অনুশীলন ছিল না। পার্থের কিংস পার্কে গিয়ে রঙিন পোশাক পরে সবাই ছবি তুলেছেন। মানসিকভাবে চাঙ্গা রাখতে ফুটবলারদের পার্কে ভ্রমণের সিদ্ধান্ত নেন কোচ। সেখানে রিকোভারি সেশন শেষ করে সন্ধ্যায় টিম হোটেলে চলে যায় মেয়েরা। উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ সকালে অনুশীলন করবে পুরো দল।

গ্রুপ ‘বি’ থেকে উত্তর কোরিয়া ও চীন দুটি করে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এই গ্রুপে বাংলাদেশ ও উজবেকিস্তানের পয়েন্ট শূন্য। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান টেবিলের চার নাম্বারে। গ্রুপ ‘এ’ থেকে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া শেষ আটে পৌঁছে গেছে। গ্রুপ ‘সি’ থেকে পরের রাউন্ডে গেছে জাপান। সম্ভাবনার বিচারে এই গ্রুপ থেকে কোয়ার্টারে উঠতে পারে চায়নিজ তাইপে। তাহলে ছয়টি দলের শেষ আট নিশ্চিত হয়ে যাচ্ছে। বাকি দুই কোয়ার্টার ফাইনালিস্টের লড়াইয়ে আছে বাংলাদেশ। হতে হবে সেরা দুই রানার্সআপের একটি।

বড় ম্যাচের ধকল কাটিয়ে উঠতে গতকাল রিকোভারির ওপর বেশি জোর দেন বাটলার। বাফুফের পাঠানো ভিডিও বার্তাতেও এমনটা জানিয়েছেন ফিজিও ইসনাদ। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে হার মেনে নিয়ে দল নতুন স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমার মনে হয়, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর তারা ভালোভাবেই সেরে উঠছে। তারা মেনে নিয়েছে যে, উত্তর কোরিয়া খুব শক্তিশালী দল ছিল, একই সঙ্গে এটাও বুঝতে পারছে তারা নিজেদের সেরাটা দিতে পারেনি। তাই পরবর্তী ম্যাচের জন্য এখন তারা পুরোপুরি মনোযোগী। আগামীকাল (আজ) আমাদের একটি ট্রেনিং সেশন আছে; আজ (শনিবার) আমরা পার্কে গিয়েছিলাম। আমার মনে হয় আমাদের টুর্নামেন্টটা বেশ ভালো কাটবে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে তারা দারুণ খেলেছে। উজবেকিস্তান ম্যাচের জন্য মেয়েরা এখন পুরোপুরি প্রস্তুত এবং আশা করি, ম্যাচটি ভালো হবে।’

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *