প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৮

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে কলতাবাজার পানির পাম্পসংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।স্থা নীয়দের প্রাথমিক ধারণা, রাকিবা আত্মহত্যা করেছেন। তবে মেসের এক সদস্য ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী জানান, সারাদিন রাকিবার কক্ষের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তার এক বান্ধবী মেসে এলে দরজায় ধাক্কা দেওয়া হয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে জানানো হয়। পরে নিচতলা থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে ভেতরে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাকিবার সঙ্গে সর্বশেষ কথা হয় তার মায়ের। তখন তিনি মেসে একাই ছিলেন এবং মাকে জানান, তার শরীর ভালো নেই—পরে কথা বলবেন। এরপর পরিবারের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। রোববার সারাদিন যোগাযোগ করতে না পেরে বিষয়টি তার বান্ধবীদের জানানো হলে তারা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এছাড়া জানা গেছে, রাকিবার সোমবার গ্রামের বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটা ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই নাঈম হোসেন।

কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নাজমুল হক জানান, রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, এ মুহূর্তে ঘটনার বিস্তারিত জানা যায়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। নিহত শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তারা আসছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *