মিমকে নিয়ে ঢাকায় মালিকের শুটিং
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৮
চিত্রনায়ক আরিফিন শুভ নতুন সিনেমার শুটিং করছেন। সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুজনকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ সিনেমায়। চার বছর পর আবার জুটি বেঁধেছেন তারা। ‘মালিক’ নামে একটি সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে এবার দীর্ঘ বিরতি ভাঙছে। সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এটি তাঁর সপ্তম সিনেমা। সবশেষ তাঁর পরিচালিত ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি একসঙ্গে কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে। গেল বছরের নভেম্বরে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয়। এরপর নাটোরে চলছে টানা কাজ। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।
তবে পরিচালক, নায়ক বা নায়িকা কেউ সিনেমাটি নিয়ে কিছু বলেননি। সিনেমাটির নাম মালিক হবে কিনা, সে বিষয়েও চূড়ান্ত জানা যায়নি এতদিন। অবশেষে পরিচালক সমিতিতে খোঁজ নিয়ে জানা গেল, সিনেমাটির নাম ‘মালিক’ নামেই নিবন্ধিত হয়েছে। পরে পরিচালক সাইফ চন্দনও জানিয়েছেন, সিনেমার নাম মালিক। রাজশাহীর পর এবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে ঢাকায়। সূত্রের বরাতে পাওয়া খবর, ঢাকার অদূরে সাভারে একটি রিসোর্টে শুরু হয়েছে মালিকের দ্বিতীয় লটের শুটিং। যে শুটিংয়ে কেবল অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নায়ক আরিফিন শুভ বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। তাই মিমের সিঙ্গেল শটের শুটিং আপাতত শুভকে ছাড়াই করা হচ্ছে। শুভ দেশে ফিরলে তাঁকে নিয়েই মালিকের শুটিং শেষ করা হবে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের সিনেমার রাজশাহীর পার্ট শেষ। বলা যায়, অ্যাকশন পার্টের শুটিং করা হয়েছে। এখন গানসহ আরও কিছু দৃশ্যের শুটিং বাকি। ঢাকায় মিমকে নিয়ে কিছুটা কাজ করা হচ্ছে। অন্য অংশগুলো শুভ এলে তাঁর সঙ্গে শিডিউল মিলিয়ে এরপর শেষ করা হবে। এর বেশি আপাতত মালিক নিয়ে আর কিছু বলতে চাইছি না।’
নির্মাতা আরও বলেন, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ রাজশাহীতেই শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। পাশাপাশি এখন পোস্ট প্রোডাকশনেরও কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। খোঁজ নিয়ে জানা গেছে, একটি পোর্ট বা অঞ্চলের ক্ষমতা গ্রহণ করা বা আধিপত্য বিস্তার করা নিয়ে এগিয়েছে মালিকের গল্প। যেখানে খল চরিত্রে রয়েছেন মিশা সওদাগর। তাঁর সঙ্গে অ্যাকশন দৃশ্যে জমাবেন শুভ। এতে আরিফিন শুভর মায়ের চরিত্রে অভিনয় করছেন নিমা রহমান। আরও রয়েছেন বরদা মিঠু, এরফান মেধা শিপলুসহ অনেকেই। সিনেমাটিতে রয়েছে একটি আইটেম সং। শিগগিরই এফডিসিতে বিশালের সেটে সে গানটির শুটিংও করা হবে।
এদিকে প্রেক্ষাগৃহে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘নীলচক্র’। মিঠুন খান পরিচালিত সিনেমাটি গত বছর ঈদুল আজহায় মুক্তি পায়। এরপর শুভ অভিনীত ‘নূর’ সিনেমা মুক্তি পায় ওটিটিতে। এ ছাড়া শুভ অভিনীত ভারতীয় সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তির অপেক্ষায় আছে। ২০২৪ সালের নভেম্বরে ভারতে শুটিং হয়েছিল সিরিজটির। কিছুদিন আগে সনি লিভ ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। জানা গেছে, আগামী মাসের প্রথম দিকে সিরিজটি মুক্তির কথা রয়েছে।
২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বিদ্যা সিনহা মিমকে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমায়ও তাঁর অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ। এরপর আর মিম অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন। মাঝে ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমায় শুটিং শুরু করেন। এবার মালিক সিনেমা দিয়ে সিনেমায় কাজের বিরতি ভাঙলেন তিনি। সিনেমাটির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে জুটি হয়ে আরও একটি সিনেমার খবর আসে মিমের। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির নাম ‘জীবন অপেরা’। এটি পরিচালনা করবেন আলভী আহমেদ। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করবেন কাজী আসাদ। সবকিছু মিলিয়ে মিম বলেন, ২০২৬ সালটা আশা করি দারুণ যাবে। বেশ কিছু ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। কাজের তালিকায় সিনেমা, ওয়েব ও সিরিজ সবই থাকবে। আশা করি, এ বছর দর্শকদের সঙ্গে আরও বেশ কানেকটেড থাকতে পারব।
