পেনশন চান গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পেনশনের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এই ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও উৎসব ভাতা পাওয়ার অধিকার রয়েছে।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান তারা। গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহাবুবুল আলম বলেন, সরকারের অর্থমন্ত্রণালয় ২০০৪ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শতভাগ পেনশন সমর্পনকারীরা প্রতিমাসে চিকিৎসা ভাতা পাবেন এবং সরকার ঘোষিত সকলপ্রকার উৎসব ভাতা পাবেন। ২০১৬ সালে আরও একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, শতভাগ পেনশন সমর্পনকারী অবসর গ্রহণের তারিখ থেকে পনেরো বছর পূর্ণ হলে পুণঃরায় পূর্ণ পেনশন প্রাপ্য হবেন। দেশের সকল পর্যায়ে এ প্রজ্ঞাপন বাস্তবায়ন করা হলেও শুধু গ্রামীণ ব্যাংক অদৃশ্য কারণে তা আজও বাস্তবায়ন করেনি।

বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে যৌথভাবে আন্তর্জাতিক সম্মাননা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল অর্জনের পিছনে এই অসহায় কর্মীদের শ্রম ও ঘাম জড়িত। ২০০৪ ও ২০১৬ এর সরকারী পরিপত্র ও প্রজ্ঞাপন গ্রামীণ ব্যাংকে শান্তিপূর্ণ উপায়ে বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *